শেখ হাসিনার বিচারের মাধ্যমে জুলাইয়ের শহীদদের সঙ্গে ন্যায়বিচার হয়েছে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি
শেখ হাসিনার বিচারের মাধ্যমে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের সঙ্গে ন্যায়বিচার হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, দল হিসেবেও আওয়ামী লীগের বিচারের দাবি জানাচ্ছি।
সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায় ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, নির্বাচনের আগে যদি তার ফাঁসির রায় কার্যকর করা যায়, তাহলে মানুষ মনে শান্তি নিয়ে নির্বাচনে যেতে পারবে।
তিনি আরও বলেন, যেকোনো উপায়ে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগে রায় কার্যকর করার দাবি জানাই।
রায় ঘোষণার পর এক ফেসবুক পোস্টে সারজিস লিখেন, ‘ভারত যতদিন না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে রায় কার্যকর করতে সহযোগিতা করবে, ততদিন পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের সম্পর্ক স্বাভাবিক হবে না।’






