জনপদ

এনসিপি নেতার বাসায় আগুন, আওয়ামী লীগের লোকজনকে সন্দেহ

এনসিপি নেতার বাসায় আগুন, আওয়ামী লীগের লোকজনকে সন্দেহ

সংগৃহীত

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফাহিমের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

ফাহিম রহমান এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক ও দলটির নেত্রকোনা জেলা কমিটির সাবেক সদস্যসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা–২ (সদর–বারহাট্টা) আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে আসেন। সবার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিম রহমানের বাসায় অগ্নিসংযোগ

ঘটনার সময় ফাহিম ঢাকায় ছিলেন। তিনি বলেন, দুর্বৃত্তরা বাসার বারান্দায় আগুন ধরিয়ে দেয়। তখন বাসায় তার মা, ছোট ভাই নেত্রকোনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক নাফিউর রহমান খান পাঠান ও ভাতিজাসহ কয়েকজন ছিলেন। পোড়া গন্ধ পেয়ে নাফিউর ঘরের দরজা খুলে বারান্দায় আগুন দেখতে পান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। তিনি ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:এনসিপি জাতীয় নাগরিক পার্টি নেত্রকোনা বাসায় আগুন মো. ফাহিম রহমান খান পাঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…