রাজনীতি

জেনে নিন এক নজরে এনসিপির যেসব প্রস্তাব

জেনে নিন এক নজরে এনসিপির যেসব প্রস্তাব

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটি বাতিল, গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করা এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরিসহ বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেয় এনসিপির প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সংলাপে এনসিপির পক্ষ থেকে তুলে ধরা উল্লেখযোগ্য প্রস্তাব ও দাবিগুলো হলো:

সংবিধান সংশোধন কমিটি বাতিল: সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটি বাতিল করে গণভোটের রায় অনুযায়ী সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নেওয়া।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন: গণভোটে জনগণের দেওয়া রায় অনুসারে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা।

জুলাই হত্যাকাণ্ডের বিচার: জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা।

শেখ হাসিনার রায় কার্যকর: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকরের আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করা।

আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

জাতীয় ঐক্য সুদৃঢ় করা: ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা এবং সেই ঐক্যের জন্য সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার নিশ্চিত করা।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি: সাম্প্রতিক সহিংসতা ও অস্থিতিশীলতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া।

গঙ্গার পানিবণ্টন চুক্তি: ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির বিষয়ে বাংলাদেশের স্বার্থে কোনো আপস না করা এবং পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে দৃঢ় অবস্থান নেওয়া।

ভারত প্রশ্নে দীর্ঘমেয়াদি রোডম্যাপ: ভারতের সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কথিত হস্তক্ষেপ এবং আওয়ামী লীগ-সংক্রান্ত বিষয়ে দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ করা।

জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি: দলীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা এবং বাংলাদেশবিরোধী অপপ্রচারের মোকাবিলা করা।

জেনে নিন এক নজরে এনসিপির যেসব প্রস্তাব
সংগৃহীত

সংলাপ শেষে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, জাতীয় স্বার্থ রক্ষায় রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক ও পানিবণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়েছে এনসিপি।

অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে সংলাপে আলোচনা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এনসিপির সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হলো।

বিষয়:এনসিপি এনসিপির প্রস্তাব নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমান সংবিধান সংশোধন সংলাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…