ফুটবলে নতুন এক মাইলফলক স্পর্শ করল মালয়েশিয়ার ক্লাব জোহর দারুল তা’জিম (জেডিটি)। বিশ্বের সবচেয়ে বেশি লিগ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে মালয়েশিয়ান চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে উদ্বোধনী ম্যাচে কুচিং সিটির বিপক্ষে ৩-০ গোলে জয় দিয়ে টানা ১০৯ ম্যাচ হারবিহীন রয়েছে ক্লাবটি।
পূর্বের রেকর্ডটি ছিল আইভরি কোস্টের ক্লাব এসেক মিমোসাসের। ১৯৯৪ সালে ১০৮ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বরেকর্ড করেছিল ক্লাবটি। ফুটবলের ইতিহাসে সেটি ছিল কয়েক দশক ধরে টানা লিগ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। ৩২ বছর পর রেকর্ডটি ভাঙল জেডিটি।
দলটির কোচ জিসকো মুনোজ বিশাল কীর্তির প্রশংসা করে বলেছেন, ‘এটি একটি ঐতিহাসিক রাত। এটা অবিশ্বাস্য, ১২ বছর ধরে টুঙ্কু ইসমাইল ইবনে সুলতান ইব্রাহিম (ক্লাবের মালিক) ক্লাবটিকে নিয়ে ফুটবলের ইতিহাসে এ পর্যায়ে পৌঁছেছেন।’
২০২১ সাল থেকে অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখেছে জেডিটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ২০১৪ সাল থেকে টানা ১২ মৌসুম ধরে মালয়েশিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে আসছে।









