ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু

ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, খুলনা বিভাগে ২৬৪ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৭৮ জন, বরিশাল বিভাগে ২২৯ জন এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন।
চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩২ হাজার ১০৫ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ২৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।





