ক্রিকেট

হৃদয় ১৩৭, লিটন ৯২*, জুটি ২০৬, স্মরণীয় প্রথমদিন বাংলাদেশের

হৃদয় ১৩৭, লিটন ৯২*, জুটি ২০৬, স্মরণীয় প্রথমদিন বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ এবং দ্বিতীয় ৮২ রান করেছিলেন তাওহীদ হৃদয়। সাউথ আফ্রিকায় এসেও অনবদ্য টাইগার ব্যাটার। চতুর্থ টেস্টেই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন। করেছেন ১৩৭ রান। একইসঙ্গে সেঞ্চুরির পথে ছুটছেন লিটন দাস। দুই ব্যাটারের রেকর্ড ২০৬ রানের জুটিতে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনটা স্মরণীয় করে রাখল বাংলাদেশ। কাগিসো রাবাদার ৫ উইকেট চাপিয়ে তিনশর বেশি রান করে ছুটছে বাংলাদেশ।

জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম দিনের খেলা শেষে ৮৪ ওভারে ৬ উইকেটে ৩২৭ রান তুলেছে টিম টাইগার্স। ৯২ রানে লিটন দ্বিতীয় দিন শুরু করবেন।

শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংস শুরুর বলেই কাগিসো রাবাদার শিকার হন অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। এরপর তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ২ রানে রাবাদার দ্বিতীয় শিকার হন মুমিনুল হক। ৭ বলে খালি হাতে ফেরেন। তৃতীয় উইকেট জুটিও টেকেনি বেশিক্ষণ। দলীয় ২২ রান শান্ত ফিরে যান। ১২ রান করে রাবাদার তৃতীয় শিকার হন বাংলাদেশ অধিনায়ক।

চতুর্থ উইকেট বাংলাদেশের হাল ধরেন তাওহীদ হৃদয় ও তানজিদ তামিম। দুজনে যোগ করেন ৯৯ রান। ৩৪.১ ওভারে দলীয় ১২১ রানে রাবাদার চতুর্থ শিকার হন তানজিদ। ১২ চারে ১০৮ বলে ৬৭ রান করেন বাংলাদেশ ওপেনার। পরের বলেই মুশফিকুর রহিমকে পঞ্চম শিকার বানান রাবাদা। খালি হাতে ফেরেন।

১২১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চাপ কাটিয়ে তোলেন হৃদয় ও লিটন জুটি। ২৯৯ বলে ২০৬ রান যোগ করেন দুজনে। যা সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

দিনের শেষ বলে আউট হন তাওহীদ হৃদয়। মার্কো জানসেনের বলে লেগবিফোরের ফাঁদে পড়েন। রিভিউ নিয়েও লাভ হয়নি। ১৪ চার ও ১ ছক্কায় ২২৭ বলে ১৩৭ রানে ফেরেন। চতুর্থ টেস্টে হৃদয়ের দ্বিতীয় সেঞ্চুরি এটি।

৩২৭ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। লিটন অপরাজিত আছেন ৯২ রানে।

প্রোটিয়া বোলাদের হয়ে প্রথম ইনিংসে রাবাদা ৫ উইকেট এবং জানসেন নেন এক উইকেট।

বিষয়:জোহানেসবার্গ টেস্ট তানজিদ বাংলাদেশ রাবাদা লিটন সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…