স্বাস্থ্য

জন্মনিয়ন্ত্রণে বড়ির প্রতি কেন আগ্রহ হারাচ্ছেন নারীরা?

জন্মনিয়ন্ত্রণে বড়ির প্রতি কেন আগ্রহ হারাচ্ছেন নারীরা?

ছবি: সংগৃহীত

ষাটের দশকে জন্মনিয়ন্ত্রণ বড়ি বাজারে আসার পর এটি নারীর স্বাধীনতা ও নিজের প্রজননক্ষমতা নিয়ন্ত্রণের প্রতীক হয়ে উঠেছিল। তবে গত এক দশকে জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহারে নারীদের আগ্রহ কমেছে। বিকল্প পদ্ধতির সহজলভ্যতা, পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির কারণে অনেক নারী এখন বড়ির পরিবর্তে অন্য জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নিচ্ছেন।

রোববার (২৯ নভেম্বর) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রিটেনের জাতীয় যৌনস্বাস্থ্যবিষয়ক জরিপ ‘ন্যাটসাল’-এর তথ্য অনুযায়ী, গত এক দশকে তরুণীদের মধ্যে জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহারের হার ৪৮ শতাংশ থেকে কমে ৩২ শতাংশে দাঁড়িয়েছে। প্রজননক্ষম বয়সী সব নারীর মধ্যে এই হার ২৯ শতাংশ থেকে কমে প্রায় ২১ শতাংশে নেমেছে।

২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্রিটেনের ১৬ থেকে ৫৯ বছর বয়সী ৬ হাজার ৭০০ মানুষের ওপর জরিপটি পরিচালনা করা হয়।

পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ

২৪ বছর বয়সী ম্যাডিসন মিডলটন মাসিকের তীব্র ব্যথা কমাতে ১৫ বছর বয়সে জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন শুরু করেন। তবে দীর্ঘদিন হরমোনযুক্ত বড়ি সেবনের প্রভাব এবং ভবিষ্যতে সন্তান ধারণের সক্ষমতা নিয়ে উদ্বেগ থেকে গত বছর তিনি বড়ি সেবন বন্ধ করেন। বর্তমানে তিনি কনডম ও প্রজননক্ষম সময় শনাক্তকারী অ্যাপ ব্যবহার করছেন।

তবে গবেষণায় দেখা গেছে, জন্মনিয়ন্ত্রণ বড়ি দীর্ঘমেয়াদে নারীর সন্তান ধারণের সক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে না। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা (এনএইচএস) জানিয়েছে, জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবনে মেজাজের পরিবর্তন ঘটতে পারে। সম্মিলিত হরমোনযুক্ত বড়ি ব্যবহারে রক্ত জমাট বাঁধার সামান্য ঝুঁকি রয়েছে। স্তন ও জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকিও কিছুটা বাড়তে পারে। তবে জন্মনিয়ন্ত্রণ বড়ি এখনো নিরাপদ ও কার্যকর পদ্ধতি হিসেবে স্বীকৃত।

জনপ্রিয় হচ্ছে বিকল্প পদ্ধতি

জন্মনিয়ন্ত্রণ বড়ির পরিবর্তে অনেক নারী এখন জরায়ুতে স্থাপনযোগ্য হরমোনযুক্ত যন্ত্র (আইইউএস), ইমপ্ল্যান্ট, ইনজেকশন এবং হরমোনবিহীন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নিচ্ছেন।

জরিপ অনুযায়ী, গত এক দশকে হরমোনযুক্ত আইইউএস ব্যবহারের হার ৪ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রজননক্ষম সময় শনাক্তকারী অ্যাপের প্রতিও আগ্রহ বাড়ছে।

এনএইচএসের তথ্য অনুযায়ী, প্রজননক্ষম সময় পর্যবেক্ষণভিত্তিক পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে ৯০ শতাংশের বেশি কার্যকর হতে পারে। তবে নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করলে কার্যকারিতা ৭৬ শতাংশে নেমে আসে। অন্যদিকে জন্মনিয়ন্ত্রণ বড়ি সাধারণ ব্যবহারে ৯১ শতাংশ এবং নিখুঁত ব্যবহারে ৯৯ শতাংশ কার্যকর।

সামাজিক যোগাযোগমাধ্যমও প্রভাব ফেলছে

বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে হরমোন ও জন্মনিয়ন্ত্রণ বড়ি নিয়ে নানা আলোচনা নারীদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে। তবে এসব আলোচনায় ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

যৌন ও প্রজননস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নেহা পাঠক বলেন, নারীরা এখন বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ও এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আগের চেয়ে বেশি জানতে চাইছেন। এটি ইতিবাচক পরিবর্তন। তবে কৃত্রিম হরমোন নিয়ে তাদের উদ্বেগ ভুল তথ্যের কারণে তৈরি হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

এখনো গুরুত্বপূর্ণ জন্মনিয়ন্ত্রণ বড়ি

জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি ব্রণ, মাসিকের ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ, এন্ডোমেট্রিওসিস ও হরমোনজনিত বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রণেও এই বড়ি ব্যবহৃত হয়। কিছু স্ত্রীরোগসংক্রান্ত ক্যানসারের ঝুঁকি কমাতেও এটি ভূমিকা রাখে।

জরিপে আরও দেখা গেছে, জন্মনিয়ন্ত্রণ বড়ির ব্যবহার কমলেও অপরিকল্পিত গর্ভধারণের হার বাড়েনি। মানুষের যৌনসম্পর্কের হার কমে যাওয়াও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে পরিবর্তনের একটি সম্ভাব্য কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সব নারীর জন্য একই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি উপযুক্ত নয়। ব্যক্তিগত শারীরিক অবস্থা, প্রয়োজন ও পছন্দ বিবেচনায় চিকিৎসকের পরামর্শ নিয়ে উপযুক্ত পদ্ধতি বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিষয়:জন্মনিয়ন্ত্রণ জন্মনিয়ন্ত্রণ বড়ি প্রজননক্ষমতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…