বিদেশে পলাতক রাজনীতিবিদের স্বার্থে সহিংসতার যৌক্তিকতা নেই: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত
রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। অথচ বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের স্বার্থে দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানোর কোনো যৌক্তিকতা নেই।
রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি শিল্প-কারখানাসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী ও দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান সমস্যার রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, এ অঞ্চলের সংকট রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই নিরসন করতে হবে।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা সংকট এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক নীল অর্থনীতির সম্ভাবনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির আহ্বান জানান তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, পাহাড় ও সমতলের সব জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ করেছে এই আদর্শ। বাংলাদেশি জাতীয়তাবাদ একটি অত্যন্ত বাস্তবভিত্তিক আদর্শ বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় ডিজাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিবও এ সময় উপস্থিত ছিলেন।






