বিনোদন

‘জয়া আর শারমিন’সহ শ্রীলঙ্কার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

‘জয়া আর শারমিন’সহ শ্রীলঙ্কার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

শ্রীলঙ্কার দ্বাদশ জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তিনটি পৃথক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। এর মধ্যে পিপলু আর খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘জয়া আর শারমিন’ প্রতিদ্বন্দ্বিতা করবে প্রথম ছবির নির্মাতাদের বিভাগে।

অন্য দুটি ছবি হলো মাখবুল চৌধুরীর প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডো’ এবং মোহাম্মদ ফখরুল আলমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেমোরিজ অ্যান্ড মিজারিজ’। আগামী ২ থেকে ৬ ডিসেম্বর শ্রীলঙ্কার জাফনায় অনুষ্ঠিত হবে এই উৎসব।

উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত আনুষ্ঠানিক প্রতিযোগিতার তালিকায় ছবিগুলোর নাম স্থান পেয়েছে। ‘জয়া আর শারমিন’-এর অন্যতম প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমনও নির্বাচনের খবরটি নিশ্চিত করেছেন।

গত সেপ্টেম্বরে কলকাতার পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র হিসেবে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ জেতার পর এবার জাফনার প্রতিযোগিতায় জায়গা পেল ‘জয়া আর শারমিন’। উৎসবের প্রথম ছবির নির্মাতাদের বিভাগে (Debut Films) বিভিন্ন দেশের মোট সাতটি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র ছবি ‘জয়া আর শারমিন’।

বিভাগের অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে ভারতের ‘গণরাগ’, ‘মিউজিয়াম অব ড্রিমস’ ও ‘ভাসারা: দ্য চোজেন ডে’, ভারত ও সৌদি আরবের যৌথ প্রযোজনার ‘সেলভি’, শ্রীলঙ্কার ‘সিলিলারে’ এবং রাশিয়ার ‘অ্যানাদার ওয়ার্ল্ড’।

করোনা মহামারির লকডাউনের সময় মাত্র ১৫ দিনে অল্পসংখ্যক কলাকুশলী নিয়ে নির্মিত হয় ‘জয়া আর শারমিন’। ছবির গল্প আবর্তিত হয়েছে দুই নারীকে ঘিরে। একজন জনপ্রিয় অভিনেত্রী জয়া, অন্যজন তার গৃহকর্মী শারমিন। লকডাউনে একই বাড়িতে আটকা পড়ার পর ধীরে ধীরে বদলে যেতে থাকে তাদের সম্পর্ক। নিঃসঙ্গতা, শ্রেণিগত দূরত্ব, পারস্পরিক নির্ভরতা আর না-বলা অনুভূতির নানা দিক উঠে এসেছে ছবিটিতে।

ছবিতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। শারমিনের ভূমিকায় রয়েছেন মঞ্চ ও পর্দার অভিনেত্রী মহসিনা আক্তার। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। পিপলু আর খানের সঙ্গে যৌথভাবে ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নুসরাত ইসলাম মাটি।

জয়া আহসান, পিপলু আর খান ও আবু শাহেদ ইমনের প্রযোজনায় অ্যাপলবক্স ফিল্মস, সি তে সিনেমা ও গল্পরাজ্য ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। এর চিত্রগ্রহণ করেছেন জোহায়ের মুসাভভির, সম্পাদনায় নবনীতা সেন এবং সংগীত পরিচালনায় ছিলেন দেবজ্যোতি মিশ্র।

শিল্প নির্দেশনায় শিহাব নুরুন নবী, শব্দ পরিকল্পনায় কেনেথ বসুমাতারি, কালার গ্রেডিংয়ে নবীন শেঠি, পোশাক পরিকল্পনায় আনিকা জাহিন এবং লাইন প্রযোজনায় ছিলেন জুনজুনি চাকমা। ২০২৫ সালের ১৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জয়া আর শারমিন’।

পরে একই বছরের ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ছবিটির স্ট্রিমিং শুরু হয়। দেশে ও বিদেশে বেশ কিছু পুরস্কারও অর্জন করেছে ছবিটি।

কলকাতায় সেরা চলচ্চিত্রের স্বীকৃতির পাশাপাশি মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পিপলু আর খান। অন্যদিকে শারমিন চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে সেরা ব্রেকথ্রু পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মহসিনা আক্তার।

জাফনা উৎসবে ছবিটির নির্বাচন নিয়ে প্রযোজক আবু শাহেদ ইমন বলেন, ‘কলকাতায় স্বীকৃতি পাওয়ার পর “জয়া আর শারমিন”-এর জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় নির্বাচিত হওয়া আমাদের জন্য বিশেষ আনন্দের। একই উৎসবে বাংলাদেশের আরও দুটি ছবি প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতায় জায়গা পেয়েছে, এটিও অত্যন্ত আশার খবর। লকডাউনের সময়ের একান্ত মানবিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত আমাদের ছবিটি এবার এই অঞ্চলের দর্শক ও চলচ্চিত্র নির্মাতাদের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে।’

জাফনা উৎসবের ‘নিউ এশিয়ান কারেন্টস (ডকুমেন্টারি)’ বিভাগে নির্বাচিত হয়েছে মাখবুল চৌধুরীর ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডো’। বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত ৬০ মিনিটের এই প্রামাণ্যচিত্রের বিষয় প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের চার দশকের শিল্পীজীবন।

গত সেপ্টেম্বরে কলকাতার পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে জুরি মেনশন পেয়েছিল ছবিটি। জাফনায় এই বিভাগে মোট সাতটি প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা করবে। অন্যদিকে ‘শর্ট ফিল্মস ইন্টারন্যাশনাল’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে মোহাম্মদ ফখরুল আলমের ১২ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেমোরিজ অ্যান্ড মিজারিজ’। পরীক্ষামূলক ধারার এই ছবিতে অভিনয় করেছেন শরীফ সিরাজ, খালিদ হাসান রুমি ও নির্মাতা নিজেই।

নেপথ্যে কণ্ঠ দিয়েছেন আরিক আনাম খান। বাংলাদেশসহ ভারত, রাশিয়া, কানাডা, তাইওয়ান, ইতালি ও ইরানের মোট ১৪টি চলচ্চিত্র রয়েছে এই প্রতিযোগিতায়।

২০১৫ সালে যাত্রা শুরু করে জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সাংস্কৃতিক সংগঠন ‘এজেন্ডা ১৪’ আয়োজিত এই উৎসবের অন্যতম উদ্দেশ্য স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দেওয়া এবং বিভিন্ন দেশের নির্মাতা ও দর্শকদের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানো।

এবারের উৎসবে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তিনটি পৃথক প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের তিনটি ছবি নির্বাচিত হওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে দেশের স্বাধীন ধারার নির্মাতাদের জন্য অত্যন্ত ইতিবাচক খবর।

বিষয়:আবু শাহেদ ইমন জয়া আর শারমিন জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মামুন: ইন প্রেইজ অব শ্যাডো মেমোরিজ অ্যান্ড মিজারিজ শ্রীলঙ্কা চলচ্চিত্র উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…