বিনোদন

বাংলায় ‘জওয়ান’ মুক্তি ঠেকাতে ঝন্টুর হুঁশিয়ারি

‘জওয়ান’ মুক্তির দিনে বাংলাদেশে মুক্তি পাবে ঝন্টুর নতুন ছবি ‘সুজন মাঝি’

বাংলাদেশের সিনেমা ও সংবাদ সম্পর্কিত ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে বিভিন্ন সিনেমা ও সংবাদ সম্পর্কিত ছবি দেখানো হয়েছে, চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বের সাথে তাল মিলিয়ে একই দিনে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। এরইমধ্যে সিনেমাটি দেশের সেন্সর বোর্ডেও জমা পড়েছে বলে পরিবেশক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। তবে এরমধ্যেই সিনেমাটির মুক্তি ঠেকাতে আওয়াজ তুললেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

রবিবার বিকেলে এফডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। এরআগেও এই নির্মাতা হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে নিজের অবস্থানের কথা জানান দিয়েছিলেন। তবে দেশের সিনেমা হলে ‘পাঠান’ ও ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির প্রাক্কালে এতোটা প্রতিক্রিয়া দেখাননি, যতোটা ‘জওয়ান’ মুক্তির ঠিক দিন চারেক আগে দেখালেন!

এদিন রীতিমত হুঁশিয়ারি উচ্চারণ করেন ঝন্টু। সেই সঙ্গে ‘জওয়ান’ মুক্তি দেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথাও তিনি বলেন। নীতিমালার কথার পাশাপাশি এদিন ঝন্টু এমন প্রশ্নও করেন যে, ‘বঙ্গবন্ধু বারণ করেছেন হিন্দি সিনেমাকে। সেটা কীভাবে মুক্তি পাচ্ছে?’

যদিও ‘জওয়ান’ মুক্তির আগে ঝন্টুর কট্টর অবস্থানের বিষয়টি এদিন তিনি নিজেই খোলাসা করেন। ‘জওয়ান’ যেদিন মুক্তি পাচ্ছে, সেই একই দিনে মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে আছে এই নির্মাতার নতুন ছবি ‘সুজন মাঝি’।

বিশ্বব্যাপী ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। সাধারণত বাংলাদেশে সিনেমা মুক্তি পায় সপ্তাহের প্রথম দিন অর্থাৎ শুক্রবার। তাই বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মুক্তি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। প্রযোজক সমিতির নিয়ম মেনে বাংলাদেশে যদি পরদিন ৮ সেপ্টেম্বরও ‘জওয়ান’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়, সেখানেও রয়েছে জটিলতা।

প্রযোজক সমিতির অলিখিত নিয়ম অনুযায়ী, ঈদ ছাড়া একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই। পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর মুক্তির তালিকায় আছে ঝন্টুর ‘সুজন মাঝি’ ছাড়াও মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’। মূলত এই নিয়মকে ট্রিগার করেই ‘জওয়ান’ মুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ঝন্টু।

‘জওয়ান’ মুক্তি নিয়ে তাই ঝন্টু হুঁশিয়ার দিয়ে বলেন,‘একই সপ্তাহে দুটি সিনেমা মুক্তি পায়। এখানে আর অন্য কোনো সিনেমা মুক্তি পাওয়া সম্ভব না। যদি কোনোভাবে মন্ত্রণালয় এটা মুক্তি দেয় তাহলে আমরা পথে নামবো, আন্দোলন করা ছাড়া আমাদের উপায় থাকবে না।’

“আমরা চাই না এ দেশে বিজাতীয় ভাষার কোনো ছবি রিলিজ হোক। আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংলিশ সাবজেক্ট আমাদের পড়ানো হয়, ইংলিশ ছবি আসলে আপত্তি নেই। সেটা ঠিকাছে। কিন্তু হিন্দি ছবি ‘জওয়ান’ আসলে আমরা আপত্তি করবো। আন্দোলন করবো, আন্দোলন করবো, আন্দোলন করবো! কেউ যদি না যায়, তাহলে আমি একা সিনেমা হলেরর সামনে গিয়ে মশাল নিয়ে দাঁড়াবো।” বলছিলেন ঝন্টু।

বিষয়:জওয়ান ঝন্টু দেলোয়ার জাহান ঝন্টু বাংলা সিনেমা সিনেমা হিন্দি সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…