সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সাথে সমোঝতার ইঙ্গিত দিয়েছে জাতীয় পার্টি। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ নেতারা আলোচনার প্রস্তাব দিয়েছেন, সমঝোতা হয়ে যেতে পারে। সন্ধ্যার পর ক্ষমতাসীন দলের সাথে বৈঠকে বসবে জাতীয় পার্টি ।
বুধবার ৬ ডিসেম্ব সকালে বনানী কার্যালয়ে মহাসচিব চুন্নু বললেন, এখন পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে আলাপ হয়নি আওয়ামী লীগের সাথে। তবে সমঝোতার প্রস্তাব দেয়া হলে, তারা সিদ্ধান্ত নেবেন।
নানা নাটকীয়তার পর নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের কথা জানালেও শুরু থেকেই আসন ভাগাভাগির বিষয়টি নাকচ করে আসছিল জাতীয় পার্টি। তবে সময়ের সাথে পাল্টাতে শুরু করেছে জাতীয় পার্টির অবস্থানও।
জাতীয় নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন থেকে সরে আসবে না তার দল।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সাথে জাতীয় পার্টির নেতাদের সাক্ষাত হয়নি বলেও দাবি করেন চুন্নু।








