ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজার পুরো অংশ দখল ও অনির্দিষ্টকাল পর্যন্ত সেখানে অবস্থানের পরিকল্পনা অনুমোদন করেছে।
এনডিটিভি জানিয়েছে, আজ ৫ মে সোমবার স্থানীয় সময় ভোরে মন্ত্রিসভায় গোপন ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান ঘোষণা করেন, সেনাবাহিনী অতিরিক্ত হাজার হাজার রিজার্ভ সেনা মোতায়েন করতে যাচ্ছে।
এ পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় ইসরায়েলি অভিযানের ব্যাপকতা বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে, যা এমনিতেই বিপর্যস্ত মানবিক পরিস্থিতিকে আরও গভীর সংকটে ফেলবে।
ইসরায়েলের দুই সরকারি কর্মকর্তা জানান, পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো হামাসকে পরাজিত করা এবং যুদ্ধবিরতির ক্ষেত্রে ইসরায়েলের শর্ত বাস্তবায়ন করা। একই সঙ্গে, এতে গাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলে সরিয়ে দেওয়ার পথও সুগম হবে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পনাটিতে গাজার অঞ্চল দখল, দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ রাখা এবং হামাসের মাধ্যমে ত্রাণ বিতরণ বন্ধ করার দিকগুলো অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলের দাবি, এই ত্রাণ ব্যবস্থাকে হামাস নিজের ক্ষমতা বৃদ্ধির কাজে ব্যবহার করছে।
পরিকল্পনার আওতায় গাজায় হামাস লক্ষ্যবস্তুর ওপর ‘শক্তিশালী’ হামলা চালানো হবে বলেও জানানো হয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।







