ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক এলাকা থেকে বাসিন্দাদের তাড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রাণ বাঁচাতে উপত্যকাটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা।
আজ (৫ এপ্রিল) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গাজার দুই-তৃতীয়াংশ এলাকায় ফিলিস্তিনিদের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং কোন কোন এলাকা থেকে জোরপূর্বক তাদের বের করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা-ওসিএইচএ’র তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় পড়া এলাকাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ গাজার রাফার বড় একটি অংশ। গত ৩১ মার্চ সেখান থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী।
উত্তরে গাজা নগরীর বিভিন্ন অংশেও এই নিষেধাজ্ঞা রয়েছে। ঘরবাড়ি ছেড়ে দিতে ইসরায়েলি বাহিনীর হুমকির পর গাজাবাসী প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছেন।








