ইসরায়েলের দখল করা জেরুজালেমের বিভিন্ন অংশে দাবানল ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে স্থানীয়দের সরিয়ে নেওয়ার পাশাপাশি একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার ৩০ এপ্রিল জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে বিশাল আকারের দাবানলের সূত্রপাত হয়। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দাবানল। দাবানলে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা। ইতোমধ্যে কয়েকটি দেশের কাছে সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইতালি ও ক্রোয়েশিয়া তিনটি অগ্নিনির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে।
এছাড়া, গ্রিস, সাইপ্রাস ও বুলগেরিয়ার কাছেও সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১২০টি অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। সেনাবাহিনী জানিয়েছে, তাদের অনুসন্ধান ও উদ্ধার ইউনিটও অভিযানে সহায়তা করছে।
টাইমস অব ইসরায়েলকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, জেরুজালেমে আগুন নেভাতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তারা অগ্নিনির্বাপক দল পাঠাতে চায়।
তবে এখনো ইসরায়েল এই প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দেয়নি। অতীতেও বড় আগুন নিয়ন্ত্রণে ফিলিস্তিনি অগ্নিনির্বাপক দলগুলো ইসরায়েলকে সহায়তা করেছে।









