রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে কাউকে পাশে পায়নি বাংলাদেশ। চীন, ভারত, রাশিয়া কাউকে না। আর আমেরিকার সাহায্য লাগবে না বলে শেখ হাসিনা নিজেই সুযোগ হারিয়েছে। সরকারের এমন কূটনৈতিক ব্যর্থতার কারণেই সংকট প্রকট আকার ধারণ করেছে।
শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এমন্তব্য করেন তিনি।
আমেরিকাকে বুঝাতে ব্যর্থতা থেকেই সরকারের কূটনৈতিক ব্যর্থতা শুরু হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, জাতিসংঘে গিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমেরিকার সাহায্য দরকার নেই। এটা প্রধানমন্ত্রী ভুল করেছিলেন। এ কারণেই বিশ্ব নেতারা মুখ ফিরিয়ে নিয়েছেন।
রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, এই রোহিঙ্গারা বেশিদিন এ দেশে থাকলে মানবিক বিপর্যয় দেখা দিবে। আন্তর্জাতিক সন্ত্রাসীরা রোহিঙ্গাদের ব্যবহার করতে পারে।
তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ে সংকটের দায় এড়াতে পারবেন না সরকার। যদি প্রথম থেকেই কার্যকর পদক্ষেপ নেয়া হতো তাহলে এই সংকট এত প্রকট আকার ধারন করতো না। মানবিক কারণেই আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি। তবে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি।
প্রধান বিচারপতির ছুটি নিয়ে তিনি বলেন, সরকার রাষ্ট্রের তিনটি স্তম্ভ ভেঙে ফেলেছে। প্রধান বিচারপতি অসুস্থ নয়। তাকে অসুস্থ বানিয়ে জোর করে ছুটিতে যেতে বাধ্য করেছে। প্রধান বিচারপতি পূজায় গিয়েছিলেন, অস্ট্রেলিয়া এ্যাম্বাসিতে গিয়েছিলেন। তবে তিনি কিভাবে অসুস্থ?
রোহিঙ্গা সমস্যা সমাধান কোন পথে ও বর্তমান পেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি। গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক রেহানা প্রধান, জাগপা’র সিনিয়র সহ সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান,সহ সভাপতি এম এ মান্নান, জাতীয় পার্টির সহ সভাপতি মোস্তফা জামাল হায়দার প্রমুখ।







