হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনার মধ্যে ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেলবাহী জাহাজ থেকে কোনো ধরনের ‘চাঁদা’ বা ফি আদায় করা হলে তা অবিলম্বে বন্ধ করতে হবে।
বৃহস্পতিবার ৯ এপ্রিল মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ট্যাংকারগুলোর কাছ থেকে অর্থ আদায় করছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তিনি তেহরানকে সতর্ক করেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য ঘোষিত নাজুক যুদ্ধবিরতির মাত্র দুই দিনের মাথায় ট্রাম্পের এই বক্তব্য এলো। এর আগে তিনি শর্ত দিয়েছিলেন, ইরান যদি হরমুজ প্রণালি সম্পূর্ণ নিরাপদ ও অবাধভাবে খুলে দেয়, তবে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য সামরিক অভিযান স্থগিত রাখবে। তবে এখনো এই গুরুত্বপূর্ণ জলপথে স্বাভাবিক নৌচলাচল পুরোপুরি পুনরুদ্ধার হয়নি।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। ফলে এই পথের নিরাপত্তা বিঘ্নিত হলে তা বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ চলাচলের অনুমতি দিতে ইরান শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে ফি নেওয়ার পরিকল্পনা করছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি তেহরান।
অন্যদিকে, আরেকটি পোস্টে ট্রাম্প জোর দিয়ে বলেন, তার প্রশাসনের সময় ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তিনি আরও দাবি করেন, খুব শিগগিরই তেল সরবরাহ স্বাভাবিক হবে ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক।








