বাংলাদেশ

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সুরাহা হবে: জয়সওয়াল

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সুরাহা হবে: জয়সওয়াল

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী সুরাহা করা হবে বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের আওতাভুক্ত। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আইন অনুযায়ী।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করার খবর প্রকাশের পর ভারতের এ বক্তব্য এল।

ব্রিফিংয়ে অন্তত চারজন সাংবাদিক শেখ হাসিনার প্রত্যর্পণ, পাসপোর্ট এবং দেশে ফেরার বিষয়ে ভারত সরকারের অবস্থান জানতে চান।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ভুবন জানতে চান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে নতুন কোনো আলোচনা হয়েছে কি না। ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক সত্য কৃষ্ণ মোহন জানতে চান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের দাবির পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান কী।

দ্য হিন্দুর সাংবাদিক কল্লোল জানতে চান, পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না এবং এ প্রক্রিয়ায় পাসপোর্ট অপরিহার্য কি না।

জবাবে জয়সওয়াল বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ভ্রমণ নথির বিষয়ে তিনি বলেন, ‘ভ্রমণের জন্য ব্যক্তির বৈধ ভ্রমণ নথি প্রয়োজন।’ এ বিষয়ে সুনির্দিষ্ট কারিগরি দিকগুলো খতিয়ে দেখে পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়।

ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।

এর মধ্যে সোমবার সকালে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়েছে। এতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানানো হয়েছে।

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ দীর্ঘদিন ধরে তাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে।

ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পানিবণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে আগের ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের বাইরে নতুন কোনো তথ্য নেই।

এ ছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভারত সফর বা এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এ মুহূর্তে নিশ্চিত করার মতো কোনো আপডেট নেই।’

বিষয়:ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রণধীর জয়সওয়াল শেখ হাসিনা শেখ হাসিনার প্রত্যর্পণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…