ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আসরের ৬০তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৮ রানে জয় পেয়েছে কলকাতা। তাতে শেষ চারে থাকা নিশ্চিত হয়ে গেছে শ্রেয়াস আয়ার-আন্দ্রে রাসেলদের। দলীয় পারফরম্যান্সেই এমন সাফল্য এসেছে, মনে করেন ক্যারিবীয় তারকা রাসেল।
ম্যাচ শেষে ৩৬ বর্ষী অলরাউন্ডার রাসেল বলেছেন, ‘সবসময় চ্যালেঞ্জ উপভোগ করি। শুধু নিজের উপর বিশ্বাস রেখেছি। ক্রিকেটে যতবেশি বয়স্ক হবেন, ততবেশি অভিজ্ঞ হবেন। দিনদিন ক্রিকেট সহজ হবে। যদি নিজের ভূমিকাটা ভালোভাবে জানা থাকে, সেটি আরও সহজ হয়। তবে ফিট থাকাটা আরও বেশি জরুরি।’
‘গৌতম, কোচ এবং সাপোর্ট স্টাফ আমাকে অবাধে ব্যাট করার অনুমতি দিয়েছে। আমিও যতটা সম্ভব চেষ্টা করেছি। আমাদের কিছু তরুণ খেলোয়াড় আছে, যারা সবসময় শেখার মন মানসিকতায় থাকে। এই বিষয়টি সিনিয়রদের জন্য আরও সহজ করে তোলে। আমাদের চারপাশে সবসময় একটি দল কাজ করতে থাকে। যা ভালোবাসা এবং আবেগে মোড়ানো, যে কারণে আমরা এত ভালো করছি।’
কলকাতা ইডেন গার্ডেনসে শনিবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল কলকাতা। বৃষ্টির জন্য ৪ ওভার করে কমানো হয় খেলা। ১৬ ওভারের ম্যাচে আগে ব্যাটে নেমে ৭ উইকেটে ১৫৭ রান তোলে শ্রেয়াস আয়ারের দল। জবাবে ৮ উইকেটে ১৩৯ রানে থামে মুম্বাই ইনিংস।
১৭ রান খরচ করে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বরুণ চক্রবর্তী। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে কলকাতা এখন সবার উপরে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রাজস্থান। মুম্বাই ও পাঞ্জাব কিংসের বিদায় নিশ্চিত হয়ে গেছে।







