সাম্প্রতিক আন্দোলন-সহিংসতাকে কেন্দ্র করে বন্ধ হয়ে যাওয়ার ২৭ দিন পর আজ বৃহস্পতিবার ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন শুরু হয়েছে।
গত ১১ আগস্ট বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গত ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্তঃনগর ট্রেনের কয়েকটি কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভাঙচুর করা হয়।
এর আগে, গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ করা হয়। কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করে।








