ক্লাবে মহাতারকা লিওনেল মেসির আগমনের বাড়তি উন্মাদনাও ঠেকাতে পারেনি পরাজয়! মেজর লিগ সকারের ক্লাব সেইন্ট লুইস সিটির কাছে হেরে টানা ১১ ম্যাচে জয়হীন থাকল বিশ্বজয়ী আর্জেন্টিনার অধিনায়ক মেসির নতুন ক্লাব ইন্টার মিয়ামি।
মেসি মিয়ামিতে পৌঁছে শনিবার আনুষ্ঠানিক চুক্তিও সেরেছেন। সাতবারের ব্যালন ডি’অর জয়ীর আগমনের সময়ে ভালো খরব দিতে পারেনি ক্লাবটি। মাঠে তাদের দুর্দশা চলছেই, সেইন্ট লুইসের কাছে হেরেছে ৩-০ গোলে।
এ নিয়ে মেজর লিগ সকারে টানা ১১ ম্যাচ জয়হীন থাকল মিয়ামি। ক্লাবটি সর্বশেষ জিতেছিল গত মে মাসে, নিউ ইংল্যান্ড রেভুলেশনের বিপক্ষে। পরাজয়ে সদ্য যোগ দেয়া জেরার্ডো মার্টিনোর দল ইন্টার্ন কনফারেন্সের একদম তলানিতে চলে গেছে।
লিওনেল মেসি এবং সার্জিও বুসকেটসের কাঁধে দায়িত্ব পড়বে এখান থেকে ক্লাবকে টেনে তোলা। দায়িত্বের শুরুটা হবে আগামী ২১ জুলাই থেকে।







