আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে চালানো সামরিক অভিযানে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এই মামলার রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ নজির সৃষ্টি করতে পারে।

বিবিসি জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায়ে মিয়ানমারের দায় প্রতিষ্ঠিত হলে তা দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর বড় প্রভাব ফেলতে পারে। তবে আদালতের রায়ের সঙ্গে সরাসরি কোনো শাস্তির বিধান নেই এবং রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগও নেই।

২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে গাম্বিয়া। এতে অভিযোগ করা হয়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর পরিচালিত সামরিক অভিযানে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যা গণহত্যার শামিল।

গাম্বিয়ার পক্ষে রায় এলে আন্তর্জাতিক আদালতে প্রথমবারের মতো কোনো রাষ্ট্র গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হতে পারে। ১৯৪৮ সালে গণহত্যা সনদ কার্যকর হওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে ব্যক্তির বিচার হলেও কোনো রাষ্ট্রকে এখন পর্যন্ত আন্তর্জাতিক আদালত গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেনি।

২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে কয়েক লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনও ওই অভিযানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগের বিষয়টি নথিবদ্ধ করেছে।

তবে মিয়ানমার সরকার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছিল। সাবেক রাষ্ট্রীয় নেতা অং সান সু চিও আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের পক্ষে এ অভিযোগের বিরোধিতা করেছিলেন।

রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের নির্যাতন ও নিপীড়নের আন্তর্জাতিক স্বীকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ সহজ হবে না। রাখাইনে চলমান সংঘাত, নিরাপত্তাহীনতা ও বাস্তুচ্যুতির কারণে নিজ দেশে ফেরা এখনও বড় চ্যালেঞ্জ।

বিষয়:আইসিজে রোহিঙ্গা গণহত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…