বাংলাদেশ

মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে ঢাকেশ্বরী মন্দিরে ভারতের হাইকমিশনার

মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে ঢাকেশ্বরী মন্দিরে ভারতের হাইকমিশনার

ছবি: সংগৃহীত

চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক, কাঁসা ও শঙ্খের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা।

শনিবার (১০ অক্টোবর) ভোরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়া উদযাপনের অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। অনুষ্ঠান উদ্বোধনের পর তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে আয়োজনে যোগ দেন।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এদিন চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আগমনের আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন ধর্মাবলম্বীরা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুসারে, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের উৎসব।

বিষয়:ঢাকেশ্বরী মন্দির দীনেশ ত্রিবেদী দেবীপক্ষের সূচনা ভারতের হাইকমিশনার মহালয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…