ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকার ভালো বন্ধুত্ব সর্ম্পক আজীবন অটুট রাখতে ভারতীয় অনেক ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করছেন।
রোববার (৭ জুলাই) বিকেলে ধামরাইয়ে চার’শ বছরের পুরানো রথ উৎসব অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
রোববার বিকেলে ধামরাইর রথখোলা এলাকায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সাত দিনব্যাপি এ রথ উৎসবের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় এই রথযাত্রায় উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শক।
এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগণের দোড় গোরায় পৌঁছে দিতে নানামুখী উদ্যোগ নিয়েছেন। শহর বা গ্রাম অঞ্চলে কেউ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকার সবসময় সজাগ দৃষ্টি রাখছেন। রাসেলস ভাইপার সাপ নিয়ে কোন আতঙ্কের কারণ নেই হাসপাতাল গুলোতে চিকিৎসা ব্যবস্থা আছে বলেও বলেন তিনি।
বিকেলে রথখোলা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা কাঠ দিয়ে বড় রথটি রশি দিয়ে টেনে যাত্রাবাড়ী এলাকায় নিয়ে যান। এসময় ভক্তরা রথের উপরে কলাসহ প্রসাদ ছিটিয়ে দেন। ১৫ জুলাই উল্টোরথের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। রথ উৎসবকে কেন্দ্র করে আজ থেকে পরের এক মাস চলবে ঐতিহ্যবাহী মেলা সেখানে। রথ উৎসব উপলক্ষে সেখানে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ঢাকা বিশ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, ধামরাইর পৌর মেয়র গোলাম কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।







