ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে ফাইনালে ওঠার আগে থেকেই অনেকে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছেন। সেই দলে আছেন ভারত দলে চায়নাম্যান খ্যাত স্পিনার কুলদীপ যাদবের ছোটবেলার কোচ কপিল পান্ডেও। তার মতে, এবারের আসরে চ্যাম্পিয়ন হবে ভারত এবং দলের মেরুদণ্ড বাঁহাতি স্পিনার কুলদীপ।
কপিল বলেছেন, ‘ভারত অসাধারণ পারফরম্যান্স করে আসছে এবং তারা প্রতিটি দলকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। এটাই ভারতের সেরা টি-টুয়েন্টি দল যারা ফাইনালে উঠেছে এবং ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ২০০৭ সালের গৌরব ফিরিয়ে আনবে। এর মাধ্যমে ১৭ বছরের শিরোপা খরার অবসান হবে।’
রিস্ট স্পিনার কুলদীপকে নিয়ে তার কথা, ‘অবশ্যই, সে ভারত দলের মেরুদণ্ড। গত চার ম্যাচে খেলার সুযোগ পেয়েছে এবং অসাধারণ পারফরম্যান্স করেছে। আমরা সবাই জানি কী ধরনের খেলোয়াড় সে এবং দেশের সেবা করে চলার জন্য তাকে নিয়ে আমার গর্ব হয়।’
ব্রিজটাউনে কেনসিংটন ওভালে শনিবার রাতে টিম ইন্ডিয়ার বিপক্ষে নামবে প্রোটিয়াবাহিনী। ২৮ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। দুদলই অপরাজিত থেকে এসেছে বিশ্বমঞ্চের ফাইনালে।







