আন্তর্জাতিক

টানা চতুর্থবার কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের গোলাগুলি

বাজারে চলাচলরত সাধারণ মানুষ ও সেনা সদস্যের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে সাধারণ মানুষ ও সেনা সদস্যের উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা চতুর্থ রাতেও দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানিয়েছে, ২৭ থেকে শুরু হয়ে ২৮ এপ্রিল রাতের মধ্যবর্তী সময় পর্যন্ত জম্মু-কাশ্মীরের পহেলগামে কুপওয়ারা ও পুঞ্চ সেক্টরে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই প্রথমবারের মতো পুঞ্চ সেক্টরেও পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে ভারতীয় বাহিনী। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ২৭ ও ২৮ এপ্রিল রাতের মধ্যবর্তী সময়ে কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীত পাশে অবস্থিত পাকিস্তানের সেনাঘাঁটি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু হয়। আমাদের সেনারা দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে।

এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এক ভিন্ন তথ্য দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, গোলাগুলি শুরু করে ভারতীয় সেনারা, যার জবাবে পাল্টা গুলি চালায় পাকিস্তান। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি। দেশটির সংবাদমাধ্যমেও এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়, যা ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে।

বিষয়:গোলাগুলি ভারত-পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…