ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলা বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রাজনৈতিক বৈরিতায় দুদলের দ্বিপাক্ষিক সিরিজ নেই একযুগের বেশি সময়। তাকিয়ে থাকতে হয় আইসিসি-এসিসির কোনো টুর্নামেন্টের দিকে। মাঠের লড়াইয়ের আগে হাই-ভোল্টেজ ম্যাচটি ঘিরে চলে সাবেকদের কথার লড়াই। এবারও শুরু হয়ে গেছে। ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ বলছেন, পাকিস্তানের বোলিংয়ের চেয়ে ব্যাটিং বেশি দুর্বল।
পাকিস্তানের শক্তি-সামর্থ্য নিয়ে ৪৩ বর্ষী কাইফ বলেছেন, ‘সবাই জানে পাকিস্তানের ব্যাটিং দুর্বল। তবে ফখর জামান ঝড়ো ইনিংস খেলতে পারেন। তিনি দাঁড়িয়ে গেলে হয়তো একাই ম্যাচ জিতিয়ে ফিরবেন। ইফতিখার আহমেদও দ্রুত রান তুলতে পারেন। বাকিদের সবাই ১২০ থেকে ১২৫ স্ট্রাইক রেটে খেলেন। তার মানে এই না যে তাদের ব্যাটিং ভয় পাবেন না। কিন্তু তাদের দুর্দান্ত বোলিংয়ে আপনাকে ভয় পেতে হবে।’
‘শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহর মতো বোলার বিশ্বকাপ দলে আছে। যদিও চোটের কারণে নাসিম শাহ ভারতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে আসেননি। কিন্তু তিনি ফিট। এখানকার পিচ কিছুটা বাউন্সি হয়। সেদিকে তারা বেশ সুবিধা পাবেন।’
গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। ৬ জুন ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান। ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে দলটি।








