একযুগের সাফল্যময় টেস্ট যাত্রার ইতি টেনে বিদায় বললেন শামি
টেস্ট থেকে অবসর ভারত পেসারের

মোহাম্মদ শামি টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওবার্তার ঘোষণাটি দেন ভারতের তারকা পেসার। নিজের অভিষেক টেস্টের তারিখেই টেস্টকে বিদায় বললেন তিনি।
৩৬ বছর বয়সী শামির টেস্ট ক্যারিয়ার শুরু হয় ২০১৩ সালের ৬ নভেম্বরে। ৬ নভেম্বর শুক্রবারই অবসরের সিদ্ধান্ত সামনে আনেন তিনি। অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে আলো কেড়েছিলেন। প্রথম টেস্টেই দুই ইনিংস মিলিয়ে ১১৮ রান দিয়ে ৯ উইকেট তুলে নিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ভারতের হয়ে ৬৪ টেস্ট খেলে শামি ২২৯ উইকেট নিয়েছেন। পরিসংখ্যানটি তাকে ভারতের ইতিহাসের অন্যতম সেরা পেসারের মঞ্চে বসিয়েছে। তার ইনিংসে সেরা বোলিং ৬/৫৬, অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর কোন ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সেরা বোলিং ৯/১১৮, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে তিনি ৮৯ ইনিংসে ৭৫০ রান করেছেন দুই ফিফটিতে। সর্বোচ্চ অপরাজিত ৫৬, ইংল্যান্ডের বিপক্ষে।
টেস্ট অভিষেকের আরেকটি বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওবার্তায় শামি বলেছেন, ‘এই ১৩ বছরের যাত্রায় এই ক্যাপ আর এই বলই আমাকে মোহাম্মদ শামি হিসেবে গড়ে তুলেছে। অনেক উত্থান-পতন এসেছে। পড়ে গেছি, আঘাত পেয়েছি, চোটগ্রস্ত হয়েছি। কিন্তু এই ব্যাজের সম্মানের জন্য বারবার উঠে দাঁড়িয়েছি। এই ১৩ বছরের যাত্রাটি দারুণ ছিল। আমার কোচ, ট্রেইনার, ফিজিও এবং যারা আমাকে সামান্যতম সাহায্যও করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’
‘বিশেষ করে ভক্তদের ধন্যবাদ। ক্রিকেটপ্রেমীরা আমাকে যে পরিচিতি দিয়েছেন এবং যে উৎসাহ জুগিয়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেটকে যারা এত ভালোবেসেছেন এবং আমাকে এই অবস্থানে নিয়ে এসেছেন, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। ৬ নভেম্বর এই ক্যাপটি পেয়েছিলাম। আর ৬ নভেম্বের এই ১৩ বছরের যাত্রার সমাপ্তি এখানেই টানছি। যেদিন অভিষেক হয়েছিল, সেই দিনেই অবসর নিচ্ছি।’





