ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনাকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দুই দেশের নেতাদের প্রতি অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন।
আজ (৮ মে) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প বলেন, উভয় দেশের সঙ্গেই তার সুসম্পর্ক রয়েছে এবং তিনি চাইছেন, তারা শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করুক। পরিস্থিতি খুবই গুরুতর। তারা পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে, যা খুবই হতাশাজনক। আশা করি তারা এখন থামবে।
ট্রাম্প বলেন, আমি উভয় দেশকে ভালোভাবে চিনি এবং তাদের সঙ্গে আমার সম্পর্কও ভালো। যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তবে অবশ্যই করব। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই সংঘর্ষের খবর পাই। মনে হয়, অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ আন্দাজ করছিল, কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায়। পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছে, ওই হামলায় অন্তত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। এর আগে ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হয়।








