বিশ্বকাপের আগে থেকেই ব্যাটিং নিয়ে বেশ ভুগছে বাংলাদেশ। কখনো টপ অর্ডার, কখনো মিডল অর্ডার নিয়ে আক্ষেপ থাকছে টিম টাইগার্সের। আসরের মাঝেও চলছে ব্যাটিং অর্ডার নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা। ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৯৩ রান আসলেও এরপর আর দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তবে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলছেন, সবাই যার যার পজিশনেই ব্যাটিং করেছেন।
উরুতে চোট পাওয়া সাকিব আল হাসানের অবর্তমানে ভারতের ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া সহ-অধিনায়ক শান্ত ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতার কথাই বলেছেন। শুরুতে দুই ওপেনার দারুণ পারফরম্যান্স করলেও ২৫৬ রানে থেমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এর আগে তো আমরা বড় বড় রান করেছি। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা সেই দায়িত্বটা নিয়ে খেলছিল না।’
‘আমি বলবো যারা উইকেটে থিতু হচ্ছে, তাদের মধ্য থেকে কেউ যদি ১২০-১৩০ রানের একটি ইনিংস খেলে আসতে পারতো, সেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতো। এ ধরনের একটি ইনিংস হলে মিডল অর্ডারে হয়তো মুশফিক-রিয়াদ ভাইদের জন্য আরও একটু সহজ হতো। আশা করি পরের ম্যাচে থিতু হয়ে যাওয়া ব্যাটসম্যানরা বড় রান করবে।’
আফগানিস্তানের বিপক্ষে মেহেদী হাসান মিরাজ তিনে নামলেও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচে নামেন। কিউইদের বিপক্ষে তাকে আবারো তিনে পাঠানো হয়। বৃহস্পতিবার ভারতের সঙ্গে মিরাজ চার নম্বরে খেলেন।
বিশ্বকাপের মাঝেও এমন পরিবর্তন নিয়ে শান্ত বলেছেন, ‘দলে সবমিলিয়ে মনে হয় ৮ জন ব্যাটসম্যান আছে। এর মধ্যে সাকিব ভাই খেলতে পারেননি। আজকে আমার কাছে যা মনে হয়েছে, যার যেখানে ব্যাটিং করার কথা সবাই নিজ নিজ জায়গাতেই নেমেছেন। সাকিব ভাই খেললে হয়তো ব্যাটিং অর্ডারে অন্যরকম কিছু হতো।’







