কর্পোরেট নিউজ

গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের নতুন উদ্যোগ

গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের নতুন উদ্যোগ

ছবি: সংগৃহীত

গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশা আরও ভালোভাবে বুঝতে এবং সেবার মান উন্নয়নে ‘পথে পথে’ নামে বিশেষ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন।

 বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির সব স্তরের কর্মীরা দেশের বিভিন্ন মার্কেট ও গ্রাহকসেবা কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন। গ্রাহকদের আরও কাছাকাছি যাওয়া, তাদের অভিজ্ঞতা শোনা এবং সময়ের সঙ্গে পরিবর্তিত চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে ধারণা নেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

উদ্যোগের আওতায় গ্রামীণফোনের কর্মীরা গ্রাহকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য ও সেবা ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানেন। এ মতবিনিময়ের মাধ্যমে গ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করার পাশাপাশি সেবাকে আরও সহজ, প্রাসঙ্গিক ও সুবিধাজনক করার ক্ষেত্রগুলো তুলে আনা হয়।

এ উদ্যোগ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোনে আমাদের প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রয়েছেন গ্রাহকরা। ‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে আমাদের সকল কর্মীরা গ্রাহকদের আরও কাছাকাছি আসার, তাদের কথা শোনার এবং সরাসরি তাদের অভিজ্ঞতা বোঝার সুযোগ পেয়েছেন।

তিনি আরও বলেন, এই সরাসরি যোগাযোগ আমাদের গ্রাহকদের দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু দেখতে, কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা বুঝতে এবং আমাদের সেবাগুলোকে আরও প্রাসঙ্গিক, সহজলভ্য ও অর্থবহ করে তুলতে সাহায্য করে। আমরা বিশ্বাস করি, একজন ভালো সেবাদাতা হয়ে ওঠার প্রথম ধাপ হলো একজন ভালো শ্রোতা হওয়া, আর গ্রাহকদের সাথে প্রতিটি যোগাযোগে আমাদের এই অঙ্গীকারের প্রতিফলন থাকতে হবে।

গ্রামীণফোন জানিয়েছে, পদমর্যাদা নির্বিশেষে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী গ্রাহকসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গ্রাহকদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগানোর মাধ্যমে প্রতিষ্ঠানজুড়ে গ্রাহককেন্দ্রিক সংস্কৃতি আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিয়ে এবং তাদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আরও সহজ, প্রাসঙ্গিক ও অর্থবহ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন।

বিষয়:গ্রামীণফোন গ্রাহকসেবা নতুন উদ্যোগ পথে পথে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…