মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ভারতের চতুর্থ টেস্ট শুরু হবে বড়দিনের পরের দিন। চোটে বক্সিং ডে টেস্টের একাদশে ট্র্যাভিস হেডের থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেটি কেটে গেছে। চলতি সিরিজে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ট্র্যাভিস হেড খেলবেন।
চোটজনিত অস্বস্তির কারণে মূলত চতুর্থ টেস্টে হেডের থাকা নিয়ে অনিশ্চয়তা জাগে। স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, হেড মেলবোর্ন টেস্টে মাঠে নামবেন। ট্র্যাভিসকে রেখেই বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা করেন কামিন্স। ফিটনেস টেস্ট দিয়েছিলেন অজি ব্যাটার। এরপর মেলে বক্সিং ডে টেস্ট খেলার গ্রিন সিগন্যাল।
হেড চলতি সিরিজে তিন টেস্টের পাঁচ ইনিংসে ব্যাট করেছেন। সিরিজে সবচেয়ে বেশি ৪০৯ রান তার। ব্যাটিং গড় ৮১.৮০। ৯৪.২৩ স্ট্রাইকরেটে রান সংগ্রহ করেছেন, যা অ্যাডিলেড ও ব্রিসবেনে অনেকটা এগিয়ে রেখেছিল স্বাগতিকদের। সিরিজে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন এপর্যন্ত।
চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, মিচ মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।








