চাঁদপুরে তিন কোটি টাকা মূল্যের ৩৫৪ ভরি স্বর্ণসহ আটক ২

চাঁদপুরে তিন কোটি টাকার স্বর্ণসহ আটক দুই ব্যক্তি ও পুলিশ সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
চাঁদপুরে ৩৫৪ ভরি ওজনের সাতটি স্বর্ণের বারসহ দু’জনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। শনিবার ২৩ সেপ্টেম্বর বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের কোতোয়ালি থানার যতীন্দ্র মোহন ধরের ছেলে বিকাশ ধর প্রকাশ সুমন (৪৩) এবং নেত্রকোনার কেন্দুয়া থানার মাখন চন্দ্র ভৌমিকের ছেলে মনোরঞ্জন ভৌমিক (৩২)।
প্রেস ব্রিফিং বলা হয়, শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের আল-আমিন কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী একটি সিএনজি থেকে কালো কস্টেপ দ্বারা মোড়ানো সাতটি স্বর্ণের বার জব্দ করে উপ-পরিদর্শক মো. মামুনুর রশীদ। যার ওজন ৩৫৪ ভরি ৬ আনা ৫ রতি। এর বাজার মূল্য তিন কোটি ১৫ লাখ টাকা।
আটককৃতদের সাথে থাকা ৭টি স্বর্ণের বারসহ এর সাথে জড়িতদের বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ।






