কোটি টাকার নতুন সড়কে এক মাসেই উধাও কার্পেটিং

চাঁদপুরের বাবুরহাটে কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় একটি নতুন সড়ক। অথচ কাজ শেষ হওয়ার এক মাস না পেরোতেই উঠে যাচ্ছে কার্পেটিং। তদন্ত করে দেখা গেছে, প্রয়োজনের তুলনায় কিছুটা কম কার্পেটিং করায় সড়কটির এই বেহাল অবস্থা হয়েছে।
চাঁদপুরের বাবুরহাট জেলখানার সামনে থেকে মৈশাদী ইউনিয়ন পরিষদ গেট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে এখন বেহাল দশা। নতুন এই সড়কে এমন চিত্র দেখে কাজের মান ও স্থাায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। কোটি টাকার সরকারি অর্থে নির্মিত এই সড়কে অনিয়ম রোধে দ্রুত কার্যকর তদারকি ও টেকসই সংস্কার চায় স্থাানীয়রা।
তদন্ত করে দেখা গেছে, সড়কটিতে প্রয়োজনের তুলনায় কিছুটা কম কার্পেটিং করা হয়েছিল। পরে এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দেন উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটওয়ারী। এখন সড়কটির সংস্কার কাজ চলমান।
একটি সড়ক দুর্ঘটনার কারণে রাস্তার কিছু অংশের কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়েছিল। পাশাপাশি, অতিরিক্ত কিছু অংশ স্থাানীয়রা হাত দিয়ে তুলে ফেলেছে, যেটিকে অবৈধ বলছে কর্তৃপক্ষ।





