ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

চাঁদপুরের শাহরাস্তিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজার এলাকায় হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তির ধোপল্লা গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সিবাড়ির বাসিন্দা।
নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন শাহজাহান।
পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। তবে কিছুক্ষণ পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
শাহরাস্তি থানার অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, ঘটনাটি শাহরাস্তি উপজেলার। নিহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় পুলিশ তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





