অভিষেকেই ৪ বলে ৪ উইকেট, কে এই জামশেদ
ভারতের ঘরোয়া লিগ মুশতাক আলী ট্রফি

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে টি-টুয়েন্টি অভিষেকে অবিশ্বাস্য কীর্তি গড়েছেন রেলওয়ের ২৩ বছর বয়সী পেসার জামশেদ আলম। সৌরাষ্ট্রের বিপক্ষে চার বলে চার উইকেট নেওয়ার পাশাপাশি নয় বলে পাঁচ উইকেট শিকার করেন। রেলওয়ের জয়ের পথে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
ইন্দোরের ডালি কলেজ গ্রাউন্ডে গড়ানো ম্যাচে রেলওয়ে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮২ রান তোলে। পরে সৌরাষ্ট্রের ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে একের পর এক আঘাত হানেন ডানহাতি মিডিয়াম পেসার জামশেদ আলম। ওই ওভারেই তিনি টানা চার বলে হারভিক দেশাই, প্রেরক মানকৌড়, রুচিত আহির ও সাম্মার গাজ্জারকে আউট করেন। পরের ওভারে সিদ্ধার্থ রানাকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। শেষ ওভারে ১৭ রান দিলেও সব মিলিয়ে ৪ ওভারে ৩৮ রানে ৫ উইকেট নেন জামশেদ।
জামশেদ আলম একজন ডানহাতি মিডিয়াম পেসার। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রেলওয়ের হয়ে টি-টুয়েন্টি অভিষেক করলেও ভারতের ঘরোয়া ক্রিকেটে তিনি উত্তর প্রদেশের সঙ্গে যুক্ত। এর আগে তিনি উত্তর প্রদেশ টি-টুয়েন্টি লিগে মিরাট ম্যাভরিক্সের হয়ে খেলেছেন এবং রেলওয়ের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সিকে নাইডু ট্রফিতে অংশ নিয়েছেন। এছাড়া চলতি বছরের শুরুর দিকে টি-টুয়েন্টি মুম্বাই লিগে আকাশ টাইগার্স এমডব্লিউএসের প্রতিনিধিত্ব করেন তিনি।
টি-টুয়েন্টিতে চার বলে চার উইকেট নেওয়া তৃতীয় ভারতীয় বোলার জামশেদ আলম। এর আগে ২০১৯ সালের নভেম্বরে হরিয়ানার বিপক্ষে ২০তম ওভারে কর্ণাটকের অভিমন্যু মিঠুন এবং ২০২১ সালের নভেম্বরে কর্ণাটকের বিপক্ষে ২০তম ওভারে দর্শন নালকান্দে একই কীর্তি গড়েছিলেন। পাশাপাশি পুরুষদের টি-টুয়েন্টি অভিষেকে পাঁচ উইকেট নেওয়া ষষ্ঠ ভারতীয় তিনি। পুরুষদের টি-টুয়েন্টিতে এর আগে মাত্র দুবার নয় বলের কম সময়ে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে। ২০২৫ সালে কম্বোডিয়ার বিপক্ষে ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ানদানা ছয় বলে এবং এস্তোনিয়ার বিপক্ষে ফিনল্যান্ডের মহেশ তাম্বে আট বলে পাঁচ উইকেট নিয়েছিলেন।
সৈয়দ মুশতাক আলী ট্রফির এই ম্যাচের মাধ্যমেই জামশেদের সিনিয়র টি-টুয়েন্টি অভিষেক হয়েছে। এর আগে তিনি বয়সভিত্তিক ও বিভিন্ন ঘরোয়া টি-টুয়েন্টি আসরে খেলেছেন।






