অভিনয়ে ফিরেই তানিয়া বৃষ্টির বাজিমাত
তানিয়া বৃষ্টির ‘অংশীদার’ ২২ ঘণ্টায় মিলিয়ন পার

ব্রেন টিউমারের চিকিৎসা ও দীর্ঘ অসুস্থতা কাটিয়ে অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তরুণ নির্মাতা ইকসান রনির নতুন নাটক ‘অংশীদার’ দিয়ে পর্দায় ফিরেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
মুক্তির মাত্র ২২ ঘণ্টার মধ্যেই নাটকটি ইউটিউবে ১০ লাখ (১ মিলিয়ন) ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়।
মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের কমেন্ট বক্সে নাটকটির গল্প ও অভিনয়শিল্পীদের প্রশংসা করছেন দর্শকরা।
পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক বাস্তবসম্মত গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অংশীদার’। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল।
কাজী সাইফুল ইসলাম রাজীবের প্রযোজনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর।
দীর্ঘ বিরতি ও ব্রেন টিউমারের চিকিৎসাসহ অসুস্থতা কাটিয়ে ‘অংশীদার’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দর্শকদের আগ্রহও ছিল বাড়তি। নাটকটি প্রকাশের পর তার অভিনয় নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা।
এর আগে জীবনঘনিষ্ঠ ও পারিবারিক গল্পের নাটক নির্মাণ করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন ইকসান রনি। তার পরিচালিত ‘ভালোবাসার এপিঠ ওপিঠ’, ‘আমিই রেনু’, ‘বাবাও মানুষ’ ও ‘সুখবিলাস’ নাটকগুলোও দর্শকমহলে সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় ‘অংশীদার’ নাটকটিও দ্রুততম সময়ে মিলিয়ন ভিউয়ের ক্লাবে যুক্ত হলো।
দর্শকদের এমন সাড়ায় উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। মাত্র ২২ ঘণ্টায় দর্শকরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।






