রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের মান বাঁচান লিটন দাস ও মেহেদী হাসান। তাদের হাত ধরে ঘুরে দাঁড়িয়ে শেষপর্যন্ত জয় তুলেছে টিম টাইগার্স। দারুণ অবদানের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন দুজনই। ব্যাটারদের তালিকায় এক লাফে ১২ ধাপ এগিয়েছেন লিটন, অলরাউন্ড পারফরম্যান্সে তিনধাপ উন্নতি হয়েছে মিরাজের।
বুধবার প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে হালনাগাদে দেখা যাচ্ছে, ২৭ নম্বর থেকে ১২ ধাপ এগিয়ে ব্যাটারদের ১৫ নম্বরে উঠে এসেছেন সেঞ্চুরি করা লিটন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সেরা অবস্থানে। ১৭ নম্বরে আছেন মুশফিকুর রহিম।
রাওয়ালপিন্ডি টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে হাল ধরেছিলেন লিটন। গড়েন ১৬৫ রানের ইতিহাস গড়া জুটি। দুই টেস্টে কেবল দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। ৯৭ গড়ে তার সংগ্রহ ১৯৪ রান, হয়েছেন সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার ম্যাচে হয়েছেন ম্যাচসেরা।
উন্নতি হয়েছে সিরিজসেরা মেহেদী হাসান মিরাজেরও। দুই টেস্টে ১৫৫ রান ও ১০ উইকেট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিনধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন তিনি। তার উপরে তিন নম্বরে অপরিবর্তিত আছেন সাকিল আল হাসান।
দুই টেস্ট মিলিয়ে ৮ উইকেট নিয়ে ১৬ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠে এসেছেন পেসার হাসান মাহমুদ। বোলিংয়ে উন্নতি হয়েছে মিরাজেরও, আছেন ২২ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে ১৯তম অবস্থানে আছেন তাইজুল ইসলাম। ২৩ ধাপ এগিয়ে একশর মধ্যে ৯৭-এ ঢুকেছেন তরুণ পেসার নাহিদ রানা।
টেস্টে ব্যাটারদের মধ্যে যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। বোলারদের মধ্যে রবীচন্দ্রন অশ্বিন। আর এখন বিশ্বসেরা অলরাউন্ডার ভারতের রবীন্দ্র জাদেজা।







