পর্তুগালে ঝড় ‘চার্লসের’ আঘাতের আশঙ্কা, ৮ জেলায় রেড অ্যালার্ট

ছবি: সংগৃহীত
প্রবল বৃষ্টি ও ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো বাতাসের আশঙ্কায় পর্তুগালে বিশেষ সতর্কতা জারি করেছে সরকার। ঘূর্ণিঝড় ‘চার্লসের’ সম্ভাব্য প্রভাব মোকাবিলায় বুধবার (১১ নভেম্বর) দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি নয় এমন সরকারি সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আটটি জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট।
পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রী লুইস নেভেস বুধবারকে ব্যতিক্রমী ও ঝুঁকিপূর্ণ দিন হিসেবে উল্লেখ করে সবাইকে সম্ভব হলে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও কর্মীদের বাসা থেকে কাজের সুযোগ দেওয়ার অনুরোধ করেছে সরকার।
দেশটির আবহাওয়া অধিদপ্তর আইপিএমএর পূর্বাভাস অনুযায়ী, বুধবার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। বিশেষ আবহাওয়াগত পরিস্থিতিতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ইতোমধ্যে লিসবন, সেটুবাল, ফারো, বেজা, লেইরিয়া, সান্তারেম, এভোরা ও পোর্তালেগ্রে জেলায় প্রবল বাতাসের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঝুঁকি এড়াতে উন্মুক্ত স্থানের সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পার্ক, বাগান, বনাঞ্চল এবং নদী ও সমুদ্রতীরবর্তী এলাকায় মানুষের চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ঝড়ের প্রভাবে রাজধানী লিসবনে এরই মধ্যে বেশ কিছু জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার ভোরে মাত্র ছয় ঘণ্টায় আবহাওয়াসংক্রান্ত প্রায় ১৩০টি ঘটনায় সাড়া দিয়েছে রাজধানীর দমকল বাহিনী। কয়েকটি সড়কে পানি জমার পাশাপাশি গাছ উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে।
এদিকে লিসবনের মেট্রো চলাচল বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আবহাওয়ার আরও অবনতি হলে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস, পুলিশ, স্বাস্থ্যসেবা বিভাগ ও সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে আকস্মিক বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এ অবস্থায় পর্তুগালে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং সরকারি আবহাওয়া সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।






