ভোরের বৃষ্টিতে ভিজল রাজধানী, হালকা শীতের অনুভূতি

ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি।
বুধবার (১১ নভেম্বর) ভোরের আলো ফোটার সঙ্গে শুরু হওয়া বৃষ্টিতে ভিজেছে রাজধানী ও আশপাশের এলাকা। কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা কমে শীতের আমেজ বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অধিদপ্তরের তথ্যমতে, বুধবার ভোর সাড়ে ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বিকেল পর্যন্ত আকাশ প্রধানত মেঘলা থাকতে পারে। সন্ধ্যায়ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
এদিকে বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে আবহাওয়ায় শীতের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।






