আকস্মিক বন্যার কারণে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরামে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন। তবে এই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা সম্পর্কে তাৎক্ষণিভাবে জেলা প্রশাসন থেকে কিছু জানানো হয়নি।
আজ (২ জুলাই) মঙ্গলবার ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী নদীর ৪টি স্থানে বাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে আজ বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
সোমবার রাতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী নদীর ৪টি স্থানে বাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। ফুলগাজী বাজারে প্রায় ৩ থেকে ৪ ফুট পামি উঠার কারণে ক্ষতিগ্রস্থ হয়। স্থানীরা জানান, প্রতি বছর বাঁধ ভেঙ্গে ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্থ হয়। কিন্ত সরকার স্থায়ী কোন বাঁধ নির্মান করছে না। তারা বাঁধ নির্মানের দাবি করেন।
ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, আগামী কয়েক মাসের মধ্যে মুহুরী, কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ বিষয়ে একনেকে পাশ হলে পরবর্তী অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে এবং এ সমস্যার সমাধান হবে।







