৩০ আগস্ট ২০২৫ আটলান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস্ ইন নর্থ আমেরিকা (FOBANA) এর ৩৯তম বার্ষিক সম্মেলনে হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশকে ‘ফোবানা আউটস্ট্যান্ডিং সার্ভিস অ্যাওয়ার্ড ২০২৪-২০২৫‘ প্রদান করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফোবানার চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রহমান জহির এই পুরস্কার প্রদান করেন। এটা হোপ ফাউন্ডেশনের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ।
হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. ইফতিখার মাহমুদ সংগঠনের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
ডা. মাহমুদ তার বক্তব্যে ফোবানাকে দীর্ঘ চার দশক ধরে উত্তর আমেরিকায় বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে নিষ্ঠার সাথে কাজ করার জন্য ধন্যবাদ জানান। তিনি হোপ ফাউন্ডেশনকে প্রদত্ত সম্মানের জন্যও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হোপ ফাউন্ডেশন বিগত ২৬ বছর ধরে হাসপাতাল এবং ক্লিনিকের মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে, যার মধ্যে প্রতিষ্ঠানটি রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশেষায়িত হাসপাতাল ও নির্মাণ করছে। ফাউন্ডেশনটি প্রসবজনিত ফিস্টুলা সার্জারির ক্ষেত্রে বাংলাদেশের পথিকৃৎ এবং দেশের প্রথম দিকের মিডওয়াইফারি ইন্সিটিউটগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠা করেছে, যা মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।








