আদালত অবমাননার অভিযোগের প্রেক্ষাপটে ‘নানা নাতি’ গানটি ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বিটিআরসির প্রতি এই নির্দেশ দেন বলে সোমবার চ্যানেল আই অনলাইনকে বিষয়টি জানান এই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল সামিউল আলম সরকার।

এই গানে থাকা “কোর্ট” সংক্রান্ত একটি লাইন আদালত অবমাননাকর উল্লেখ করে সারডা সোসাইটি নামের সংগঠনের নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া হাইকোর্টে রিটটি করেন এবং আদালতে তিনি নিজেই শুনানি করেন বলে জানান রাষ্ট্র পক্ষের আইনজীবী।
গত ঈদে প্রকাশিত ‘নানা-নাতি’ শিরোনামে র্যাপ গানটি প্রকাশিত হয়। গানটি লিখেছেন আলী হাসান নিজেই। এছাড়া গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি নানা ও নাতির ভূমিকায় ছিলেন যথাক্রমে মারজুক রাসেল ও আলী হাসান।







