ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত

ছবি: সংগৃহীত।
দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার (২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।
এর আগে গত ১৯ অক্টোবর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ওই আদেশে উল্লেখ করা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ইআবির অধীন পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি বাতিল করা হয়েছে।
একই সঙ্গে নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়াও নির্ধারণ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, জেলা সদরে অবস্থিত মাদ্রাসার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরে অবস্থিত মাদ্রাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসককে সভাপতি হিসেবে মনোনয়নের কথা বলা হয়।
এ ছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়।
ওই অফিস আদেশে মাদ্রাসাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছিল।
তবে গভর্নিং বডি বাতিলের ওই সিদ্ধান্তের কার্যকারিতা হাইকোর্ট স্থগিত করায় বিষয়টি নতুন আইনি প্রক্রিয়ায় গড়াল।






