ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরুর সকালটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একে একে ফিরে গেছেন অধিনায়ক রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলি। শুরুর ঘণ্টায় ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছে স্বাগতিকরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে ভারত। ৪১ বলে ২৪ রানে বাঁহাতি ওপেনার যশ্বী জয়সওয়াল এবং ১১ বলে ৮ রানে রিশভ পান্ট অপরাজিত আছেন।
১০তম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরে গেছেন ভারতের ব্যাটিংয়ে অন্যতম স্তম্ভ বিরাট কোহলি। হাসানের দুর্দান্ত বোলিংয়ে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দি হওয়ার আগে করেছেন ৬ রান। এসময় ভারতের স্কোর দাঁড়ায় ৩৪ রানে ৩ উইকেট।
ইনিংসের অষ্টম ওভারে হাসান ফেরান আরেক তারকা ব্যাটার শুভমন গিলকে। ধারাভাষ্যকারদের মতে গিলের আউট খুবই অপ্রত্যাশিত ধরনের। হাসানের ফুললেন্থের বল লেগ সাইড দিয়ে বের হয়ে যাচ্ছিল, গিল বলে ফ্লিক করার চেষ্টা করলে ব্যাটের কানায় লেগে লিটনের গ্লাভসে যায়। ৮ বল খেলে কোনো রান যোগ করার আগে সাজঘরে ফিরে যেতে হয় তাকে।
ষষ্ঠ ওভারে অধিনায়ক রোহিত শর্মা স্লিপে শান্তকে ক্যাচ দেন হাসান মাহমুদের বলেই। ১৯ বল খেলে ৬ রান করে সাজঘরে ফিরে যান তিনি। সেটা শুরু হাসান ঝড়ের।
এর আগে, চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠিয়েছেন সফরকারী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে নিয়ে একাদশে রাখা হয়েছে তিন পেসার।








