গোড়ালির চোটে ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। ভারতের পেস-অলরাউন্ডারকে নিয়ে দুঃসংবাদ বেড়েছে। ইংল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কায় রোহিত শর্মার দল।
বিসিসিআইয়ের কর্মকর্তার বরাতে খবর, হার্দিক লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ মিস করতে পারেন। সতর্কতামূলক কারণে এমন করা হচ্ছে। তার অবস্থা গুরুতর নয়। টেবিলের নয়ে থাকা ইংলিশদের বিপক্ষে ২৯ অক্টোবর রোববার নামবে টেবিলের শীর্ষে থাকা ভারত।
হার্দিক বর্তমানে জাতীয় ক্রিকেট একাডেমির পর্যবেক্ষণে রয়েছেন। বুধ বা বৃহস্পতিবার পূর্ণ ফিট হয়ে যাবেন বলে আশা। ব্যাটিং করার উপযোগী হয়ে উঠবেন। বোলিং করতে পারবেন কিনা সেটি শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। সহ-অধিনায়কের পরিবর্তে সূর্যকুমার যাদব একাদশে জায়গা ধরে রাখতে পারেন পরের ম্যাচে।
পুনেতে ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ইনিংসের নবম ওভারে বোলিং আক্রমণে এসে হার্দিক চোটে পড়েন। তার দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়েছিলেন লিটন দাস। তৃতীয় বলটি করতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান ভারত তারকা। গোড়ালিতে চোট পাওয়ার পর ব্যান্ডেজ করাতে হয়। বেশ খানিকক্ষণ মাঠে সেবা চলতে থাকে। উঠে দাঁড়ানোর পর খোঁড়াতে থাকায় শেষে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে আর খেলতে নামেননি। তার ওভারের বাকি তিন বল করেছিলেন বিরাট কোহলি।







