চ্যাম্পিয়ন্স লিগে প্রথমপর্বেও বেনফিকার সঙ্গে দেখা হয়েছিল বার্সেলোনার। নাটকীয় ৯ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পায় কাতালুনিয়ান দলটি। নকআউট পর্বে পর্তুগিজ ক্লাবটির মাঠে আবারও মুখোমুখি হতে চলেছে বার্সা। এবারও সেখানে কাজটা অনেক কঠিন হবে, মনে করছেন কোচ হ্যান্সি ফ্লিক। দলকে আগের চেয়েও ভালো খেলতে হবে, মনে করিয়ে দিয়েছেন জার্মান কোচ।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার রাতে মাঠের লড়াইয়ে নামবে বার্সেলোনা-বেনফিকা। লিসবনে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই। ১১ মার্চ ফিরতি লেগে মুখোমুখি হবে দল দুটি।
ফিরতি লেগ হবে বার্সার ঘরের মাঠে। সেটা মাথায় রেখে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছেন, ‘আমাদের মনে রাখতে হবে যে, ফিরতি লেগ আছে। আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে, এখানে আমরা আগেরবার যা করেছি, তার চেয়ে উন্নতি করতে হবে। আর সেটা শুধু রক্ষণেই নয়।’
‘আমরা পরিকল্পনা অনুযায়ী খেলব। এরপর দেখব কী হয়। আশা করি, আমরা পাল্টা আক্রমণে আরও ভালো করব এবং প্রথমার্ধ থেকেই তাদের প্রভাব কমাতে পারব। কঠিন এক ম্যাচ হবে এবং নিজেদের পারফরম্যান্সে উন্নতির চেষ্টা করব।’








