দিনাজপুরে আতাউর রহমান (৩৫) নামের পুলিশের এক কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শেখপুরা গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
আতাউর রহমান দিনাজপুর সদরের শেখপুরা মহল্লার বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের ছেলে। তিনি ঠাকুরগাঁও জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় কনস্টেবল আতাউর রহমানের লাশটি উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, রংপুরে বদলি জনিত কারণে ছুটিতে ছিলেন কনস্টেবল আতাউর রহমান। ৮ অক্টোবর রোববার কর্মস্থলে যোগদানের কথা ছিল আতাউরের। কিন্তু এর আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
মৃতের পরিবার জানায়, প্রায় ছয় মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় আতাউর। তখন থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীতায় ভুগছিলেন তিনি।








