জনপদ

দিনাজপুরে মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরে মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরলে একটি মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন (৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিরল উপজেলা সদরে অবস্থিত ‘মাদরাসাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার’ শৌচাগার থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাফায়েত বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। প্রায় আট মাস আগে তাকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সাফায়েতের দাদা মাদ্রাসায় গিয়ে নাতির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যান। পরে রাতে তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন।

মাদ্রাসা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, রাত ৮টার দিকে শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকতে দেখে পরিচালক মোকাররম হোসেন দরজায় কড়া নাড়েন। তবে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মুঠোফোনের আলো ফেলেন। এ সময় ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়েতকে উদ্ধার করা হয়।

এরপর দ্রুত তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানান, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালককে আটক করা হয়েছে। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য বা আলামত পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।

বিষয়:দিনাজপুর মাদ্রাসা শিশুর মরদেহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…