লিভারপুলের বিপক্ষে শুরুতেই লিড নিয়েছিল লেস্টার সিটি। সেটি ধরে রাখতে পারেনি দলটি। লিভারপুলের কাছে শেষপর্যন্ত বড় ব্যবধানে হেরেছে লেস্টার। ম্যাচে লেস্টারের বদলির তালিকায় থাকলেও মাঠে নামার সুযোগ পাননি বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় থাকা হামজা চৌধুরীর।
অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগে লেস্টারকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ ধরে রেখেছে অলরেড বাহিনী। চলতি মৌসুমে খুব বেশি ছন্দে নেই হামজাদের দল। ১৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে ১৮তে আছে লেস্টার।
সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী তারকা হামজা দেওয়ান চৌধুরী লাল-সবুজের জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। লেস্টার সিটির হয়ে খেলা ২৭ বর্ষী মিডফিল্ডার ইংল্যান্ডের যুব দল, লেস্টার সিটি ও ওয়াটফোর্ড এফসিতে খেলেছেন।







