দীর্ঘ পাঁচ বছর পর আগামী ১৩ মে দেশে হ্যাম রেডিও পরীক্ষা বা এ্যামেচার রেডিও লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অত্যন্ত মানবিক এবং বিশেষ সম্মানজনক এক শখ হলো হ্যাম রেডিও বা এ্যামেচার রেডিও চর্চা। মূলত, প্রাকৃতিক দুর্যোগকালে ভেঙ্গে পড়া যোগাযোগ ব্যবস্থাকে রেডিও যন্ত্রপাতি ও বেতার তরঙ্গের সাহায্যে পুন:স্থাপনের মাধ্যমে মানুষ ও প্রকৃতিকে সাহায্য করাই এর মূল উদ্দেশ্য। আর স্বেচ্ছাসেবামূলক ও সৌখিন এ কাজটি যারা করেন তাদেরকে বলা হয় এ্যামেচার রেডিও অপারেটর বা এআরও।
এ্যামেচার রেডিও লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং ১২ মে ২০২৩ তারিখে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।
সারা পৃথিবীতে প্রায় ৩০ লাখ এআরও আছেন। তারা বেতার তরঙ্গ, রেডিও যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স ইত্যাদি নিয়ে নিয়মিত গবেষণা ও যোগাযোগ চর্চা করে থাকেন। প্রত্যেকের থাকে আলাদা এবং স্বতন্ত্র কল সাইন। আমাদের দেশে এআরও এর সংখ্যা মাত্র হাজার খানেক। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এ সংখ্যা বৃদ্ধি ও যোগাযোগ চর্চার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে এ্যামেচার রেডিও ব্যবহারের অনুমতি বা লাইসেন্স দিয়ে থাকে।
এআরও হতে হলে বিটিআরসি বরাবর আবেদন করতে হয়। দিতে হয় সাধারণ একটা পরীক্ষা। পাশ করলেই বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগ তথা সরকার থেকে লাইসেন্স দেয়া হয়। অতপর ওয়াকিটকিসহ অন্যান্য রেডিও যন্ত্রপাতি ক্রয়, ব্যবহার ও গবেষণার দুর্লভ ও আনন্দদায়ক সুযোগটি পাওয়া যায়।
অনলাইনে http://btrcar.teletalk.com.bd ঠিকানায় আবেদন ফর্ম পূরণ ও জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ১৫ এপ্রিল রাত ১১টা। বিটিআরসির ওয়েব সাইট (www.btrc.gov.bd) -এ এ্যামেচার রেডিও বিষয়ক বিস্তারিত তথ্য পাওয়া যাবে।







